মেহেরপুরে বজ্রপাতে নিহত ২ বোমায় তিনজন আহত
মেহেরপুরে বজ্রপাতে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার তেরঘড়িয়া বিল ও শহরের উপকণ্ঠে ব্র্যাকের জেলা কার্যালয়ের পাশে এ হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া গাংনী উপজেলায় বোমা বিস্ফোরণে তিন ব্যক্তি আহত হয়েছেন।
বজ্রপাতে নিহতরা হলেন সদর উপজেলার ফতেহপুর গ্রামের সাবদাল হকের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও শহরের বামনপাড়ার কাওসার আলীর ছেলে মন্টু শেখ (২৫)। আহতরা হলেন ফতেপুর গ্রামের আনছারুল হক, বানিছুর রহমান, শহিদুল ইসলাম, হেদাত আলী, আসাদুল হক, তানজেল হোসেন ও রেজাউল হক।
আহত আনছারুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দুই ভাইসহ আটজন তেরঘড়িয়া বিলের উত্তর পাশে একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা দুই ভাইসহ পাঁচজন আহত হন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর তাঁর ভাই শফিকুল ইসলাম মারা যান।
বজ্রপাতের অপর ঘটনা সম্পর্কে আহত রেজাউল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দুজন ব্র্যাক কার্যালয়ের কাছে একটি কলাবাগানে কলার কাঁদি কাটছিলেন। ওই সময় বজ্রপাতে দুজনই আহত হন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মন্টু শেখ মারা যান। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকি ৎ সা কর্মকর্তা সাইদ আরেফিন জানান, হতাহত প্রত্যেকের শরীর বজ্রপাতের অগ্নিকুণ্ডে কমবেশি ঝলসে গেছে। বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে আনার পর দুইজন মারা গেছেন। এদিকে গাংনীর ভরাট গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার রাত দুইটার দিকে বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন, বাড়ির মালিক টিপু সুলতান (৩৫), একই গ্রামের শমসের আলী ও মিনারুল ইসলাম। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একাধিক গ্রামবাসী জানান, গ্রামের শেষ প্রান্তে টিপু সুলতানের ওই পরিত্যক্ত বাড়িতে প্রায় রাতে তাসের আড্ডা বসত। সেখানে শুক্রবার রাতে বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে গেলে তাঁরা তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বোমায় প্রত্যেকের মুখ ও বুক ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। আহতদের পরিবারের দাবি, তাস খেলার সময় দুর্বৃত্তদের বোমা হামলায় তাঁরা আহত হয়েছেন। তবে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, তাস খেলার সময় দুর্বৃত্তদের হামলায়, নাকি বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন তা পুলিশ খতিয়ে দেখছে।