মেহেরপুরে বন্ধুসভার ত্রাণ বিতরণ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বৃহস্পতিবার ইনার হুইল ঢাকা ওয়েস্টের সহায়তায় বন্ধুসভার সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ করেন। এ সময় ত্রাণ পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
তিন দিন পর ত্রাণ পেয়ে হালদার পাড়ার ক্ষতিগ্রস্ত বৃদ্ধ অনিমা হালদার বলেন, ‘তিন দিন ধরে তিন বেলা ভাত জোটেনি। যে যা দিয়েছে, তা-ই খেয়েছি। টর্নেডোয় ঘরের ছাউনি, পরনের পোশাক, অর্থ, সম্পদ, বইপত্র সবই উড়িয়ে নিয়ে গেছে। নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে ছিলাম সবাই। এবার দেবীকেও বিসর্জন দিতে পারিনি।’ কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
রানী হালদার বলেন, ‘সবাই সামান্য শুকনো খাবার দিয়েছে। কিন্তু ঘরে চাল নাই, পরনের কাপড় নাই। এক কাপড়ে তিন দিন আছি। কেউ সেদিকে খেয়াল করেনি।’ তাই এই ত্রাণে তাদের পেটের খিদে ও ইজ্জত দুটোই রক্ষা করা যাবে।
১৪ অক্টোবর টর্নেডোর আঘাতে চাঁদবিল গ্রামের চারটি পাড়ার প্রায় সাড়ে ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে চাঁদবিলের হিন্দু অধ্যুষিত হালদার পাড়ার দেড় শতাধিক কাঁচা বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
এ খবর ‘প্রথম আলো’য় প্রকাশিত হওয়ার পর ইনার হুইল ওয়েস্ট ক্লাব ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসে।
ত্রাণ বিতরণের সময় ক্লাবের সাধারণ সম্পাদক মুসফেকা রহমান বলেন, ‘প্রথম আলো’র একটি সংবাদ তাঁদের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।
ত্রাণ বিতরণকালে ‘প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আবুল বাশার, মুস্তাকুর রহমান, বন্ধুসভার সাধারণ সম্পাদক তাসফিকসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।