মেহেরপুরে বার্ড ফ্লু শনাক্ত সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে তিন হাজারের বেশি মুরগি মারা গেছে বলে খামারমালিকেরা দাবি করছেন। তবে প্রাণিসম্পদ বিভাগ বলছে, ফ্লুতে মৃত মুরগির সংখ্যা ৭০০-র বেশি নয়। জেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে আক্রান্ত মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। এ ছাড়া জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আজ রোববার থেকে মাইকে প্রচার চালানো হবে।জানা গেছে, গতকাল শনিবার শহরের শামীম পোলট্রি খামারের প্রায় ২০০ মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায়। রোগ প্রতিরোধে গতকাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় একটি খামারের ৩০০ মৃত ও আক্রান্ত ১০০ মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়। মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকরাম জানান, ১০ ফেব্রুয়ারি তাঁরা আক্রান্ত ও মৃত মুরগির আলামত উদ্ধার করে ঢাকায় পাঠালে সেখান থেকে মেহেরপুরের মুরগিতে বার্ড ফ্লুর জীবাণু থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। গত বছরের শীতে মেহেরপুরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজার মুরগি মারা গিয়েছিল।এদিকে বার্ড ফ্লু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন আবদুস শহিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ বাশার উপস্থিত ছিলেন। সভায় পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রাণিসম্পদ বিভাগ ও জনসাধারণকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে।জেলা পোলট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান অভিযোগ করেন, ‘গত শুক্রবার শহরের ঈদগাহপাড়ার সুমন পোলট্রি ফার্মের প্রায় ৭০০ মুরগি এক রাতে মারা যায়। খবরটি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে জানানো হলে তারা গুরুত্ব দেয়নি। প্রাণিসম্পদ বিভাগ বলেছিল, সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে ওই সব মুরগি মারা গেছে। আজ (শনিবার) মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের নাসির উদ্দিনের শাহনাজ পোলট্রি ফার্মের ৪০০ মুরগি মারা যাওয়ার খবর পেয়ে টনক নড়ে তাদের।’ শাহিনুর রহমান দাবি করেন, গত এক সপ্তাহে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সাইদুর পোলট্রি ফার্মের ৯০০, জাহাঙ্গীর পোলট্রির এক হাজার এবং মামুন ও রাহুলের মুরগির খামারের বেশ কিছু মুরগি মারা যায়। তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকরাম জানান, প্রাণিসম্পদ বিভাগ তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে জেলার হাজার হাজার মুরগি মারা যেত। তিনি বলেন, ‘বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭০০ মুরগি মারা গেছে। সেই সংখ্যা তিন হাজার হবে না।’