মেহেরপুরে বাস উল্টে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের কলেজ মোড়ে যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসের চালকের সহকারী, একজন পথচারী ও দুজন বাসযাত্রী। তাঁদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আহত ব্যক্তিদের একই হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

পুলিশ, বাসের যাত্রী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বাসটি কুষ্টিয়া থেকে মেহেরপুর আসছিল। বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। সকাল সাড়ে নয়টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় গিয়ে বাসটি মেহেরপুর বাসস্ট্যান্ডের দিকে মোড় নিতে গিয়ে উল্টে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

ঘটনার পর থেকে বাসের চালক ফিরোজ পলাতক।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতিতে বাসটি মোড় নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে সমিতি।