মেহেরপুরে বাস ধমর্ঘট প্রত্যাহার
বাসমালিক ও শ্রমিকদের শর্ত পূরণের আশ্বাস দেওয়ায় মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের সঙ্গে বাসমালিক ও শ্রমিকনেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। গতকাল সোমবার থেকে মেহেরপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।নছিমন ও করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ তিনটি দাবিতে গত শুক্রবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক-শ্রমিক সমিতি।রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক শুরু হয়। বৈঠকে জেলা প্রশাসক মালিক-শ্রমিকদের শর্ত পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। শর্ত পূরণের জন্য জেলা প্রশাসককে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মালিক-শ্রমিকনেতারা।জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, নছিমন ও করিমনের মতো সব অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, প্রশাসন শর্ত পূরণে ব্যর্থ হলে ৭ জুলাই থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।