মেহেরপুরে বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে গতকাল মঙ্গলবার বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এদিকে বাস ভাঙচুরের প্রতিবাদে বাসমালিকেরা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ধর্মঘট শুরু করেছেন।
ফলে গতকাল বেলা ১১টার পর মেহেরপুর থেকে কুষ্টিয়ামুখী কোনো বাস ছেড়ে যায়নি।
অটো রিকশার মালিক জামাল উদ্দিন বলেন, সড়কে যাত্রী নিয়ে চলাচল করায় সকাল ১০টার দিকে বাস শ্রমিকেরা বামুনপাড়ায় তাঁর অটোরিকশাটি ভাঙচুর করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহর ও তার আশপাশের এলাকার অটোরিকশাচালকেরা শহরের কলেজ মোড়, ওয়াপদা মোড়, বড় বাজার মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।
অবরোধ সমর্থকেরা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি দল বামুনপাড়ায় পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং মামলা করলে হামলাকারীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ তুলে নেন।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তারপরও আইনি বাধা উপেক্ষা করে অটোরিকশা চলছে। এতে ক্ষুব্ধ হয়ে কে বা কারা একটি অটোরিকশা ভাঙচুর করলে তাঁরা (অটোরিকশাচালক) বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বাস চলাচলে বাধা সৃষ্টি করেন।
এ সময় একটি বাস কুষ্টিয়ার দিকে রওনা হলে কলেজ মোড় এলাকায় অটোরিকশাচালক মালিকেরা বাসটি ভাঙচুর করেন। এর প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ধর্মঘট শুরু করেছেন তাঁরা।
এদিকে অটোরিকশাচালক মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুপুরে পুলিশের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা মামলা গ্রহণ ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে আবার সড়ক অবরোধের হুমকি দেন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত অটো রিকশামালিক মামলা করলে তা নেওয়া হবে। উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।