মেহেরপুরে বাসচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় আজ শুক্রবার বাসের চাপায় ঝন্টু মিয়া (২৮) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী রাজু মিয়া (২২)। সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝন্টু মিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের সাহেব আলী ছেলে। তিনি নাসির টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে রাজুকে সঙ্গে নিয়ে কর্মস্থল মুজিবনগর ফিরছিলেন ঝন্টু মিয়া। জোড়পুকুরিয়ায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত ঝন্টু ও রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসা কর্মকর্তা ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমকে রেজা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে ঝন্টু মারা গেছেন। রাজু মাথায় আঘাত পেলেও আশঙ্কামুক্ত।
রাজুর বাবা আজিজুল হক সাংবাদিকদের জানান, ঝন্টুর সঙ্গে তাঁর ছেলের বন্ধুত্ব ছিল। গতকাল বিকেলে রাজুকে নিয়ে ঝন্টু নিজ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।