মেহেরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে বাসের ধাক্কায় শুভ হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা সোনা খাতুন (৩০)। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোনা খাতুন ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজারে যাচ্ছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় সোনা খাতুনকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, শিশুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা। মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস আটক করেছে পুলিশ।