মেহেরপুরে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীরা গতকাল রোববার রাত নয়টার দিকে মেহেরপুর শহরে হরতালবিরোধী মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিনের সময় তাঁরা বিএনপি কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে মিছিল বের করার চেষ্টা করলে, পুলিশ বিএনপি কর্মীদের প্রতিরোধ করে। এ সময় বিএনপি কর্মীদের ইটের আঘাতে পুলিশের উপপরিদর্শক দুলু (৩৭) গুরুতর আহত হন। এ সময় আতঙ্কে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। সদর থানার ওসি আজিজুল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় রাজন (২৬), রায়হান (২৫), লিজনসহ (২৭) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।