মেহেরপুরে বিএনপি জামায়াতের ২৭ নেতা-কর্মী আটক
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বন্দর গ্রাম থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ২৭ নেতা-কর্মীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষ করে বন্দর জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তাঁদের আটক করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল দাবি করেন, আটক ব্যক্তিদের মধ্যে চারজন তাঁদের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে গ্রামে অভিযান চালায়। জামায়াতের নেতা-কর্মী রয়েছেন সন্দেহে পুলিশ বন্দর জামে মসজিদ ঘিরে ফেলে। এ সময় ফজরের নামাজ শেষে মুসল্লিরা বের হলে পুলিশ ৩০ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। অন্যদের পুলিশ আটক করে গাড়িতে তোলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনের সময় বন্দর গ্রামে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ, বৃক্ষনিধন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ বৃহস্পতিবার ভোরে ওই গ্রামে অভিযান চালায় এবং বিএনপি ও জামায়াতের ২৭ নেতা-কর্মীকে আটক করেছে।
পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাইয়ের পর গ্রেপ্তার দেখানো হবে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন জানান, পুলিশ সন্দেহজনকভাবে বিএনপি ও জামায়াতের ২৭ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের অধিকাংশই বৃদ্ধ। গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করবে বলে পুলিশ জানিয়েছে।