মেহেরপুরে বিএনপি নেতা নাটোরে মা ও মেয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসুদ্দিন শেখকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে তিন সন্ত্রাসী প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়ে চলে যায়। আফসুদ্দিনের বাড়ি মহাজনপুরের পরানপুর মসজিদপাড়ায়।এদিকে, গতকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই ঢাকোপাড়া গ্রামের নিজ বাসা থেকে তরিকুল ইসলামের স্ত্রী মতিজান বেগম (৪৫) ও তাঁর মেয়ে শেলী আক্তারের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। মেহেরপুর: গতকাল তথ্য সংগ্রহের জন্য আমদাহ ইউনিয়নে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মহাজনপুর ইউপির সাবেক সদস্য আফসুদ্দিন তাঁর ভাগ্নে আহসান হাবিবকে (২৮) নিয়ে মোটরসাইকেলে করে আমদাহ ইউপি থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেল তাঁদের গতিরোধ করে। মোটরসাইকেলে ছিলেন পরানপুর গ্রামের রফিকুল ইসলাম, জিয়ারুল হক ও এমাদুল আলী। তাদের দেখে আফসুদ্দিন মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে ওই তিন সন্ত্রাসী তাঁকে ধরে ফেলে। তারা রাস্তার পাশেই ধারালো অস্ত্র দিয়ে আফসুদ্দিনকে কুপিয়ে চলে যায়। এ সময় সেখানে বিপুলসংখ্যক লোক উপস্থিত থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।আফসুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলাম জানান, গ্রাম্য দলাদলির কারণে আওয়ামী লীগ-সমর্থিত কিছু সন্ত্রাসী তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। চার দিন আগে গ্রামের মুজিবুর ও বিপুল প্রকাশ্যে হত্যার হুমকি দিলে এ ব্যাপারে মুজিবনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আফসুদ্দিনের দুই ছেলের দাবি, চার দিন আগে হুমকিদাতাদের স্বজনেরা চাচা নেকছুদ্দিনকে মালয়েশিয়ায় কুপিয়ে হত্যা করে। সেই লাশ দেশে আনার আগেই সন্ত্রাসীরা তাঁর বাবাকে হত্যা করল। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, এ ঘটনায় আফসুদ্দিনের ভাগ্নে আহসান হাবিব থানায় হত্যা মামলা করেছেন। গ্রাম্য রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ হত্যার প্রতিবাদে জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা গতকাল শহরে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক পথসভায় বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে দায়ী করে বক্তব্য দেন।নাটোর: বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে ডুমরাই ঢাকোপাড়া গ্রামের মতিজান বেগম ও তাঁর মেয়ে শেলী খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। স্থানীয় লোকজন গতকাল সকালে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে। উভয়ের গলায় জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বাগাতিপড়া থানার ওসি মির্জা আবদুস সালাম বলেন, নিহত মা-মেয়ে একত্রে ডুমরাই ঢাকোপাড়া গ্রামের মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বাড়ি করে বসবাস করতেন। তারা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতেন না। মতিজান সুদে টাকা খাটাতেন। সুদের টাকা আদায় নিয়ে দ্বন্দ্ব হওয়ায় কেউ তাঁদের শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।ওসি জানান, হত্যার ঘটনায় মতিজানের স্বামী তরিকুল ইসলাম অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসেন আলী নামের স্থানীয় এক সাইকেল কারিগরকে আটক করেছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।