মেহেরপুরে বিএনপির নেতা খুন, আটক ৩
মেহেরপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি শমসের আলী মালিথা (৬১) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোঁতা সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিএনপি জেলায় তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গতকাল শনিবার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামলত আলী (৪৭), তাঁর ভাই আতাহার আলী (৪৯) ও ছেলে অলিকে (২৪) তাঁদের বাড়ি থেকে আটক করেছে। আটক দুই ভাই আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য এবং অলি যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য। জানা গেছে, শমসের আলী বাড়ির পাশের একটি মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার এই হত্যাকাণ্ডের মূল কারণ। আটক তিনজন জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশ জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।নিহত ব্যক্তির ছেলে নাসির উদ্দিন জানান, ২০১১ সালে ইউপি নির্বাচনে সদস্য পদে তাঁর বাবা প্রতিদ্বন্দ্বিতা করলেও মামলতের হুমকি-ধমকিতে ভয়ে নির্বাচনী প্রচারণায় নামেননি। ওই নির্বাচনে মামলত জয়ী হন। সাবেক সাংসদ মাসুদ অরুণ বলেন, তৃণমূল পর্যায়ের বিএনপির নেতৃত্ব ও শক্তিকে দুর্বল করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মেহেরপুরে একের পর এক বিএনপির নেতা-কর্মীদের খুন করছে। বিএনপির জেলা কমিটি হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বিভিন্ন কর্মসূচি পালন করবে।