মেহেরপুরে বিএনপির নেতাকে গুলি, জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে। পুলিশ জানিয়েছে, চরমপন্থীদের দুই পক্ষের বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশের দোকানে আড্ডা শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে নজরুল ইসলাম (৪৬) বাড়ি ফেরেন। এর পর পরই মুখোশ পরিহিত আট-নয়জন অস্ত্রধারী সন্ত্রাসী একটি মাইক্রোবাস নিয়ে তাঁর বাড়িতে আসে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পাওয়া যায়। গ্রামবাসী এগিয়ে গিয়ে বাড়ি থেকে কয়েক শ গজ দূরে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবুখরী মাঠে লাশ দেখতে পায়। সন্ত্রাসীরা তাঁকে গুলি ও জবাই করে হত্যার পর মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে রেখে যায়। খবর পেয়ে রাত একটার দিকে লাশ উদ্ধার করে দামুড়হুদা থানার পুলিশ। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই দিন রাতেই মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার মেহেরপুর জেলা বিএনপি মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন জানিয়েছেন, নজরুল ইসলাম পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন।নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ২০০২ সালে এলাকায় দুই পক্ষের বিরোধের জের ধরে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা জঙ্গল নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন নজরুল ইসলাম। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে চরমপন্থীরা তাঁকে হত্যা করেছে। মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ খুঁজতে ও হত্যাকারীদের গ্রেপ্তারের ঘটনার পর পরই অভিযান শুরু করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত মামলা করা হয়নি।