মেহেরপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ৩৩ কিলোভোল্টের (কেভি) পুরোনো সঞ্চালন লাইনের ত্রুটির কারণে জেলাবাসী ২০ বছর ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংসহ নানা দুর্ভোগ পোহাচ্ছে।

মেহেরপুর বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সামান্য ঝড়-বৃষ্টি কিংবা স্বাভাবিক পরিবেশেও বিদ্যুৎ চলে যায়। কখনো তিন-চার দিন বিদ্যুৎ থাকে না। তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এ কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রেফ্রিজারেটরে রাখা খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। এ জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতি দায়ী।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) মেহেরপুর বিভাগের উপসহকারী প্রকৌশলী রোকন উদ্দিন ফিরোজ জানান, পুরোনো এ সঞ্চালন লাইন সংস্কার করতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই এখানে বিদ্যুৎ উপকেন্দ্র না হওয়া পর্যন্ত মেহেরপুরবাসীকে এ দুর্ভোগ পোহাতে হবে।

জেলা বিদ্যুৎ বিভাগ জানায়, মেহেরপুরে বিদ্যুৎ উপকেন্দ্র নেই। ৪৫ বছর আগে ২৯ কিলোমিটার দূরের চুয়াডাঙ্গা থেকে ৩৩ কেভি সঞ্চালন লাইনটি মেহেরপুর এসেছে। তখন লম্বা দূরত্বে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি মাঝারি উচ্চতার টাওয়ারে লাইনটি আনা হয়। কিন্তু মেরামতের অভাবে ২০ বছর আগেই লাইনের তার ও অ্যাঙ্গেলগুলো দুর্বল হয়ে যাওয়ায় স্বাভাবিক বিদ্যুৎপ্রবাহে বিঘ্ন সৃষ্টি হয়। স্পর্শকাতর এ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে জনবল ও অর্থ বরাদ্দ নেই।

মেহেরপুর বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জানান, লাইনটি পুরোনো হওয়ায় সঠিক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হয় না। এ কারণে সঠিক ভোল্টেজ পাওয়া যায় না এবং ঘন ঘন বিদ্যুৎ যায়। এ কথা ২০ বছর ধরে গ্রাহকদের বলা হচ্ছে। এখন জোড়াতালি দিয়ে লাইনটি সচল রাখতে প্রতিদিন কষ্ট করতে হয়।