মেহেরপুরে বোমা তৈরির ‘কারখানা’র সন্ধান, গ্রেপ্তার ২
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের একটি বাড়িতে গত রোববার রাতে বোমা তৈরির ‘কারখানা’র সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, সেখান থেকে দুটি বোমা, বোমা তৈরির সামগ্রীসহ দুজন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ওই ‘কারখানা’র মালিক দরবেশপুর গ্রামের হামিদ (৪৫)। তিনি ও তাঁর ছেলে মুক্তা (৩১) একই গ্রামের সাইরুল ইসলাম, আমীর আলী, নূর ইসলাম হত্যাসহ একাধিক হত্যা ও অস্ত্র-বিস্ফোরক মামলার আসামি। তাঁরা আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদ ও মুক্তা কৌশলে সটকে পড়েন। কিন্তু ঘটনাস্থল থেকে একই গ্রামের নওশের তানজির হাসান (৩৫) ও সদর উপজেলার হিজুলী গ্রামের আলফাজ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা বোমা তৈরি করছিলেন। এ ছাড়া দুটি তাজা বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ বারুদ, লোহার টুকরা, জর্দার কৌটা, পটাশ ও বিভিন্ন ধরনের তরল পদার্থ উদ্ধার করা হয়।