মেহেরপুরে বোমা বানাতে গিয়ে দুজন আহত
বোমা বানাতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শুক্রবার দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকালই পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বোমা ও বিস্ফোরণ আইনে মামলা করেছে।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন উপজেলার সাহাড়বাটি ইউনিয়নের ধর্মচাকি গ্রামের নবীর উদ্দিনের ছেলে মুস্তাফিজুর রহমান (২৮), একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মোহন আলী (২৫) ও সওড়াতলা গ্রামের রিকা (৩৫)।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার সওড়াতলা গ্রাম থেকে রিকাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ধর্মচাকি গ্রামে মোহনকে গ্রেপ্তার করতে যায়। সেখানে আহত মুস্তাফিজুর ও মোহন একত্রে বোমা বানাচ্ছিলেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহন ও মুস্তাফিজুরকে চিকিৎসা দিয়ে তাঁদের থানায় নিয়ে আসে পুলিশ।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে রিকার বিরুদ্ধে থানায় আগেই একাধিক মামলা ছিল।