মেহেরপুরে বোমা হামলায় একজন নিহত
মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে বোমা হামলায় মনোর উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি আজ বুধবার নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে। তাঁর বাবার নাম আবদুুল মুল্লুক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সন্ধ্যায় মনোর উদ্দিন নুরপুর বাজারে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা মুনির হাসান জানান, বোমায় মনোরের দুই হাত ও শরীরের পিছনের অংশের মাংসপেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে ভর্তির পর অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, মনোর উদ্দিনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে। ডাকাতির অর্থ ভাগ-বাঁটোয়ারা নিয়ে আজমত গ্রুপের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে আজমত গ্রুপের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা চালাতে পারে।
এদিকে মনোরের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। কাল বৃহস্পতিবার হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।