মেহেরপুরে বোমা হামলায় প্যানেল মেয়র ও কাউন্সিলর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় গত শুক্রবার রাতে বোমা হামলায় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও এক কাউন্সিলরসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনের নাম উল্লেখ করে আট-নয়জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।পুলিশ হামলার পরপরই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন ও যুবলীগের কর্মী মোমিনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের মেহেরপুরের বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আহত প্যানেল মেয়র মিজানুর রহমান মেহেরপুর শহর যুবলীগের সভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ-বিন হাশেম ওরফে কামরুল ‘রাজধানী শপিং সেন্টারে’ বসে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। পরে রাস্তার ওপর আরেকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। সূত্র জানায়, বোমার আঘাতে মিজানুরের ডান হাতের আঙুল উড়ে যায় ও তাঁর শরীরের বিভিন্ন অংশ স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়। হামলায় অপর কাউন্সিলর কামরুলের শরীর ঝলসে গেছে। এ ছাড়া দোকানের কর্মচারী মিলন ও নয়নের শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টার ঢুকে গেছে।মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক অলক কুমার জানান, আহত মিজানুর ও মিলনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।পৌরসভা ও পুলিশ সূত্র জানায়, বিভিন্ন বিষয় নিয়ে মেয়র মুতাছিম বিল্লাহ ও প্যানেল মেয়র মিজানুরের মধ্যে বিরোধ চলে আসছে। পুলিশের ধারণা, ওই বিরোধের জের ধরে মিজানুরের ওপর হামলা চালানো হতে পারে।আহত কামরুল ও নয়ন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন বোমা হামলার ঘটনার জন্য পৌর মেয়রকে দায়ী করেছেন। পৌর মেয়রকে দায়ী করেছেন মামলার বাদী মিজানুরের বাবা আবদুল হালিমও। তবে মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, প্যানেল মেয়র নির্বাচন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তবে পরে আইন মেনেই প্যানেল মেয়র নির্বাচন করা হয়। কিছুদিন আগে হাটের ইজারা নিয়ে মিজানুরের সঙ্গে তাঁর জটিলতা সৃষ্টি হয়। মিজানুর চেয়েছিলেন, নিয়মবহির্ভূতভাবে আগের ইজারাদারকে বাতিল করে নিজেই হাটের ইজারা বন্দোবস্ত নিতে। সেটা করতে না দেওয়ায় মিজানুর তাঁর ওপর ক্ষুব্ধ হন। তবে মিজানুরের ওপর বোমা হামলার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসীরা ক্রেতা সেজে দোকানে ঢুকে ওই বোমা হামলা চালায়।