মেহেরপুরে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন বিএনপির সদর উপজেলার সহসভাপতি শমসের আলী মালিথা (৬১)। রাত নয়টার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোঁতা সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মসজিদে নামাজ শেষে শমসের আলী রাত নয়টায় বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান। ঘটনার পরপরই বিএনপির সাবেক সাংসদ মাসুদ অরুণের অনুসারী নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শমসেরের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আজ শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, পুলিশ তা তদন্ত করে দেখছে। ঘটনার পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।বিএনপির জেলা সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্ব ও শক্তি দুর্বল করতে মেহেরপুরে একের পর এক নেতা-কর্মীকে খুন করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীরা জড়িত বলে তিনি অভিযোগ করেন।