রপ্তানির জন্য ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করে বিপাকে পড়েছেন মেহেরপুরের চাষিরা। পাঁচ দিন বাগান থেকে আম সংগ্রহ করা হয়েছে। এরপর আর রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষির কাছ থেকে আম নেওয়া হচ্ছে না। সময়মতো আম সংগ্রহ না করায় তা গাছেই নষ্ট হচ্ছে।
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন ও কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) উদ্যোগে মেহেরপুর থেকে আম রপ্তানি হচ্ছে। গত বছর আম রপ্তানি হয়েছিল ১২ মেট্রিক টন। এবার ইউরোপীয় ইউনিয়নে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ২০০ মেট্রিক টন। এ জন্য চুক্তি করা হয়েছে এ জেলার ৭০ জন আমচাষির সঙ্গে। ২৫ মে থেকে আম সংগ্রহ করার কথা ছিল এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের। তবে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ মেট্রিক টন আম সংগ্রহ করা হয়েছে। এরপর আর আম সংগ্রহ করা হচ্ছে না। এতে গাছে ব্যাগিং করা আম পচে নষ্ট হচ্ছে।
গত মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, চুক্তিভিত্তিক আমচাষিদের আম গাছে পচে যাচ্ছে। আট মণ আম গাছ থেকে সংগ্রহ করা হয়েছিল, তা বাগানে পড়ে রয়েছে। গ্রামের চুক্তিভিত্তিক আমচাষি শাহীদুর রহমান বলেন, বাগানে ৩০০টি হিমসাগর আমের গাছ রয়েছে। এসব গাছের আম বাছাই করে একধরনের কার্বন ব্যাগ পরিয়ে সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি ব্যাগ কিনতে খরচ হয়েছে চার টাকা। এটা দুই বছর ব্যবহার করা যাবে। সময়মতো আম না নেওয়ায় পচে যাচ্ছে।
মুজিবনগর উপজেলার চুক্তিভিত্তিক চাষি আমানুর হোসেন বলেন, ‘এবার আমের মূল্য নির্ধারিত হয়েছে কেজিপ্রতি ৮৫ টাকা। গত বছর ছিল ৯৫ টাকা। এ বছর আম নিয়ে খুব চিন্তায় আছি। স্থানীয় বাজারে বিক্রি করতে গেলে উৎপাদন খরচই উঠবে না।’
এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের না পাওয়ায় সময়মতো আম সংগ্রহ করা সম্ভব হয়নি। আবার ঢাকায় নিয়ে গেলে সংগৃহীত আমের ২০ শতাংশ বাদ দিচ্ছেন তাঁরা। ফলে রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে। তিনি স্থানীয় বাজারে চাষিদের আম বিক্রি করার পরামর্শ দেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।