মেহেরপুরে ব্র্যাকের কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে গত বৃহস্পতিবার ছাত্রলীগের একদল কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তা আহত হন।

ব্র্যাকের ওই কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্রলীগ কর্মী কাজল দত্তের স্ত্রী কাঞ্চনা দত্ত ব্র্যাকের একজন গ্রাহক সদস্য। কাঞ্চনা দুই বছর আগে ৩৯ হাজার টাকা ঋণ নেন। তিনি ঋণ খেলাপি। এর পরও বৃহস্পতিবার স্বামী কাজলের সঙ্গে কার্যালয়ে এসে কাঞ্চনা আরও ৬০ হাজার টাকা ঋণ চান। এতে অপারগতা প্রকাশ করলে কাজল নানা হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর দেশি অস্ত্রশস্ত্র হাতে কয়েকজন সহযোগী নিয়ে কাজল কার্যালয়ে হামলা চালান। বাধা দিতে গেলে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নিতেন দাসকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। হামলার অভিযোগ অস্বীকার করে কাজল প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী ঋণ পরিশোধের পর নতুন করে ঋণ চেয়েছিলেন। কিন্তু ব্র্যাক ঋণ দিতে চায় না। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ব্র্যাকের লোকজন তাঁর বন্ধু রনিকে আটকে রাখেন। পরে অন্য বন্ধুরা গিয়ে রনিকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ অস্বীকার করে মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্তের পর তা মামলা হিসেবে তালিকাভুক্ত করা হবে।