মেহেরপুরে ভেজাল সার কারখানার সন্ধান
সিলেটি বালুতে রং ও ভারতীয় থার্ডওয়াল নামের রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হতো দানাদার সার। দর্শনীয় প্যাকেটে ভরে তা বিক্রিও করা হতো। প্যাকেটের গায়ে লেখা আছে, ‘জমির উর্বরা শক্তি ও ফসল বৃদ্ধির জন্য এই সার সবচেয়ে উপযোগী ও একাধিক গবেষক দ্বারা পরীক্ষিত’।এভাবে নকল ও ভেজাল সার তৈরির কাজ চলত মেহেরপুর শহরে। গতকাল শনিবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি ভেজাল সার কারখানা থেকে বিপুল পরিমাণ সার ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার এবং কারখানার মালিককে গ্রেপ্তার করেছে।ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, কারখানার মালিকের নাম আরিফুল ইসলাম। তিনি জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে এই কারখানায় সার তৈরি করা হচ্ছে। অথচ তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। এখান থেকে জিদান, থাইজিনন, পোপার জিংক, বোরাক্স সুপার, মুক্তা প্লাস নামের দানাদার সার তৈরি করে রাজারজাত করা হতো। পুলিশ তল্লাশি করে কারখানা থেকে ১০০ বস্তা সিলেটি বালু, দুই বস্তা সাদা পাউডার, প্যাকেট সেলাইয়ের একটি যন্ত্র, দুটি মিকশ্চার মেশিনসহ প্রায় ৩০০ বস্তা নকল ও ভেজাল সার জব্দ করে।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান জানান, ভারতীয় থার্ডওয়াল নামের একটি রাসায়নিক ও ক্ষতিকর দ্রব্যের সঙ্গে মোটা বালু মিশ্রিত করে সার তৈরি করা হতো। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই সারের কোনো কার্যকারিতা ও গুণাগুণ নেই। বরং এই সার ব্যবহারের ফলে জেলার কয়েক শ একর জমির মাটির ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। থানা পুলিশ সূত্র জানায়, কারখানার মালিকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।