মেহেরপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের দীঘিরপাড়া থেকে বাদল আলী (৪৫) ও তাঁর স্ত্রী ডলি খাতুনকে (৩৯) গতকাল সোমবার ১৫ গ্রাম হেরোইন ও ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বাদল ও ডলির বিরুদ্ধে থানায় একাধিক মাদক, চোরাচালান ও বিস্ফোরক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে দীঘিরপাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাদল জানান, মাদক ব্যবসার জন্য পুলিশ, রাজনৈতিক নেতাসহ অনেক সংস্থাকে মাসে কয়েক লাখ টাকা দিতে হয়। না দিলে কারাগারে যেতে হয়। র‌্যাব অর্থ না নিলেও তাঁকে সোর্স হতে বাধ্য করেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল জানান, পুলিশ মাদকের ব্যাপারে ছাড় দিতে নারাজ। তাই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র‌্যাব-৬-এর কমান্ডার সহকারী পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, ভালো মানুষ সোর্স হয় না। বাদল র‌্যাবের সোর্স দাবি করলে, সেটা তাঁর বক্তব্য। এ নামে র‌্যাবে সোর্স ছিল কি না, তা গোপনীয় বিষয়।