মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময়ের ৩৪টি মাইন উদ্ধার, ১৩টি তাজা
মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার (পেয়াদা পাড়া) একটি বাড়ির মাটির নিচ থেকে গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সময়ে রাখা ৩৪টি মাইন উদ্ধার করেছে পুলিশ। মাইনগুলো এখন সদর থানা হেফাজতে রাখা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, উদ্ধার করা ৩৪টি মাইন ভারতের তৈরি। এর মধ্যে ১৩টি এখনো তাজা। সেগুলো নিষ্ক্রিয় করতে থানায় পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। প্রয়োজন হলে যশোর সেনানিবাস থেকে বোমা বিশেষজ্ঞ দলকে ডাকা হতে পারে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পুরাতন পোস্ট অফিস পাড়ার হামিদুল ইসলামের বাড়ি তৈরির জন্য গতকাল মাটি খুঁড়ছিলেন শ্রমিকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে ছয় ফুট গর্ত খোঁড়ার পর শ্রমিকেরা লোহার অনেকগুলো বড় বড় বস্তু দেখতে পায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে যায়। পুলিশ একে একে ৩৪টি মাইন গর্ত থেকে উদ্ধার করে।এলাকাবাসী জানায়, হামিদুল ইসলামদের ওই বাড়িটি মুক্তিযুদ্ধের সময়ে মরহুম রহিম শেখের ছিল। তাঁর বড় ছেলে লাল চাঁদ লালু ছিলেন তত্কালীন মেহেরপুর মহকুমার মুক্তিযোদ্ধা কমান্ডার। ওই বাড়িতে লালু মুক্তিযোদ্ধাদের নিয়ে গোপন বৈঠক করতেন। শহরের এই মহল্লায় অনেক রাজাকারের বাস ছিল। তাদের বাড়িতে পাকিস্তানি সেনারা যাতায়াত করত। এলাকাবাসীর ধারণা, ওই সেনাদের খতম করতে মুক্তিযোদ্ধারা লালুর বাড়িতে মাইনগুলো মজুদ করেছিলেন।মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম জানান, ‘উদ্ধার করা মাইনগুলো মুক্তিযুদ্ধের সময়ের। লালু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি ও তাঁর সঙ্গী মুক্তিযোদ্ধারা একাধিক সম্মুখযুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে মেহেরপুর থেকে হটিয়েছে।’এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, দেশ স্বাধীনের কয়েক বছর পর লালু জীবিকার সন্ধানে ঢাকায় চলে যান। বাবার মৃত্যুর পর তিনি বাড়িটি বিক্রি করে দেন। লালু সোনালী ব্যাংক মতিঝিল শাখায় কেরানি পদে চাকরি করতেন। পরে প্রেসিডেন্ট আবদুস সাত্তারের সময় ব্যাংকে বিদ্রোহের অভিযোগে লালুর চাকরি চলে যায়। ২০ বছর আগে বিনা চিকিত্সায় ঢাকায় লালুর মৃত্যু হয়।