মেহেরপুরে মেয়র ও ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ ও জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদের বাড়িতে গতকাল বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা বোমা হামলা চালিয়েছে।শহরের কাসারীপাড়ায় পাশাপাশি অবস্থিত ওই দুই বাড়িতে এই বোমা হামলা চালানো হয়। তবে এতে কেউ আহত হননি।ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ গতকাল সন্ধ্যায় শহরে মিছিল বের করে।এলাকাবাসীর কয়েকজন জানান, গতকাল ভোরে একটি মোটরসাইকেলে করে এসে দুজন তরুণ এই বোমা নিক্ষেপ করে। তবে কেউ তাদের চিনতে পারেননি।মুতাছিম বিল্লাহ জানান, ফজরের নামাজের পর তাঁর কক্ষ লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। এ সময় একটি বোমা দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তখন তিনি বাড়িতে ছিলেন। কিছুদিন ধরে তাঁকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, তা তিনি বলতে পারেননি। সাফুয়ান আহমেদ জানান, একই সময় তাঁর শয়নকক্ষের জানালায় একটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে দুটি বাড়িরই জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। পুলিশের ধারণা, মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার সময় একটি বোমা ছাত্রলীগের নেতার বাড়িতে গিয়ে লাগে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির জন্যই এই বোমা হামলা চালিয়েছে। পুলিশ বোমার আলামত জব্দসহ অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।