মেহেরপুরে যুবলীগ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আকরাম আলী (৩০) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের ওয়াপদা সড়কের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। ওই লিচু বাগানের ইজারাদার রিপন নামের এক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াপদা সড়কে জাতীয় পার্টির নেতা খন্দকার আমিরুল ইসলামের লিচু বাগানটি স্থানীয় রিপন ও ঢাকার এক ব্যবসায়ী যৌথভাবে ইজারা নেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে ওই বাগানে লিচু খেতে যান আকরাম আলী। এ সময় রিপনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আকরাম লাঠি দিয়ে রিপনকে আঘাত করেন। পরে রিপন তাঁর পকেটে থাকা ছোরা দিয়ে আকরামকে কুপিয়ে জখম করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলক কুমার দাস বলেন, হাসপাতালে আনার পর আকরাম মারা যান। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মৃত্যুর আগে হাসপাতালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে আকরাম জবানবন্দিতে ঘটনার বিবরণ দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির নাম উল্লেখ করেন।এদিকে এ ঘটনার প্রতিবাদে যুবলীগের কর্মীরা হাসপাতাল মোড়ে দোকানপাট বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করেন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মৃত্যুকালীন জবানবন্দিতে আকরাম ঘটনার বর্ণনায় উল্লেখ করেছেন, রিপন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম বলেন, আকরাম যুবলীগের কর্মী ছিলেন। লিচু বাগানে তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে। গতকাল সন্ধ্যায় আকরামের বাবা মুজিবুর রহমান বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁর ছেলের লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর তিনি থানায় হত্যা মামলা করবেন।