মেহেরপুরে যুবলীগ নেতার বাড়িতে আগুন, শহরে ১৪৪ ধারা
মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের বাড়ি ও অফিসে হামলা করে আগুন দিয়েছেন বাসমালিক ও শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ব্যাপক উত্তেজনার প্রেক্ষাপটে জেলা প্রশাসন শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ অটোবাইক চলাচল বন্ধের দাবিতে দুপুর ১২টায় মেহেরপুর আন্তজেলা বাস মালিক-শ্রমিক সমিতির ব্যানারে শহরে একটি মিছিল বের করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সম্পাদক গোলাম রসুল ওই মিছিলের নেতৃত্ব দেন। শহর প্রদক্ষিণের সময় মিছিলকারীরা জেলা যুবলীগের বড়বাজারের অফিসে হামলা চালান। ধারালো অস্ত্র ও লাঠিধারী মিছিলকারীরা অফিসের আসবাব, জানালা-দরজা ভাঙচুর করেন। সেখানে যুবলীগের নেতাকে না পেয়ে তাঁরা মল্লিকপাড়ায় তাঁর বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়িতে ঢুকে একটি কক্ষে আগুন ধরিয়ে দেন ও আসবাব ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ এলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন এবং তিন-চারটি বোমা ফাটান। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে। যুবলীগের নেতা সাজ্জাদুল আনাম অটোবাইকচালকদের এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বাসশ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন। গত সোমবার এক অটোবাইকচালকের হাতে বাসচালক আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বাসশ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এরই জের ধরে বাসশ্রমিকেরা এ হামলার ঘটনা ঘটালেন। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম তাঁর বাড়িতে হামলার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলকে দায়ী করে বলেন, তাঁর নেতৃত্বেই কিছু ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে দলীয় সিদ্ধান্তমতো পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, অবৈধ যানবাহন বন্ধের দাবিতে তাঁরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। এ সময় পুলিশের মারমুখী ভূমিকার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। তখন কিছু অটোবাইকচালক ভুল করে যুবলীগের নেতার বাড়িতে হামলা চালান। মেহেরপুরের পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে। ঘটনার পর শহরের সব মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) দেলওয়ার হোসেন জানান, উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামসহ তিনজন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলকে আসামি করে তিনটি মামলা করেছেন।