মেহেরপুরে যুবলীগের নেতা গুলিতে নিহত, বিক্ষোভ
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার আবদুল্লাহ আল মামুন ওরফে বিপুল গত সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গতকাল শহর থেকে যুবলীগের পাঁচজন কর্মীকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলের অদূরে পেয়াদাপাড়ার একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে নিহত ব্যক্তির জানাজা হয়। গত সোমবার রাত ১০টার দিকে শহরের কাঁসারিপাড়ায় ছাত্রলীগের এক নেতার বাড়িতে বসে গল্প করার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মামুন। সঙ্গে সঙ্গে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মিছিল শেষে ছাত্রলীগ সভা করে। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান ও সদস্য ইয়ানুস আলী বক্তৃতা করেন। বক্তারা প্রতিবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। হত্যাকাণ্ডের জন্য তাঁরা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মামুন শহরের কাঁসারিপাড়ায় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহীদুল ইসলামের বাড়িতে বসে গল্প করছিলেন। সেখানে আরও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন বাড়িতে ঢুকে গুলি চালায়। মামুন গুলিবিদ্ধ হলেও ঘটনাস্থলে উপস্থিত অন্য কেউ আহত হননি।সাফুয়ান আহমেদ জানান, ঘটনাস্থলে তিনি ও মামুনের স্ত্রীও বসে গল্প করছিলেন। মামুনের কথামতো তাঁর স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিতে বাইরে বের হন। এ সময় গুলির ঘটনা ঘটে। অস্ত্রধারীরা মুখোশ পরায় তাদের চেনা যায়নি।জানা গেছে, এক বছর আগে কাঁসারিপাড়াতেই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে রিপন সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। কয়েক বছর আগে এই এলাকাতেই সন্ত্রাসীরা মহাজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাগবুল ইসলাম ওরফে বাবলুকে তাঁর বাড়িতে গুলি করে হত্যা করে। সাত দিন আগে একই এলাকায় বোমা বিস্ফোরণে এক তরুণের ডান হাত ছিঁড়ে যায়। পুলিশ সেখান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। নিহত ব্যক্তিদের পরিবারের স্বজনদের অভিযোগ, পুলিশ কোনো ঘটনারই সঠিক কারণ উদ্ঘাটন করতে পারেনি। তাই এই এলাকায় এ রকম অঘটন ঘটছে।নিহত মামুনের মা পান্না খাতুন জানান, দলের অনেক নেতার হুমকির মুখে ছিলেন মামুন। নেতাদের ইন্দনেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। পরিস্থিতি বুঝে তিনি এই হত্যার বিচার চেয়ে মামলা করবেন।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী জানান, হত্যাকাণ্ডটি নিয়ে নাটক সাজানোর চেষ্টা চলছে। দলের একাংশ এর সঙ্গে জড়িত থাকতে পারে। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান জানান, ঘটনাস্থলে অনেকেই ছিলেন। অথচ গুলিবিদ্ধ হলেন শুধু মামুন। অন্য কারও শরীরে আঁচড়ও লাগেনি, এটা রহস্যজনক!মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, পেশাদার সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করেছে। হত্যাকাণ্ডে ব্যবহূত আগ্নেয়াস্ত্রে সাইলেন্সার লাগানো ছিল। তাই কেউ গুলির শব্দ শুনতে পায়নি।মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মোজাফফর হোসেন জানান, এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কেউ গ্রেপ্তারও হয়নি।