মেহেরপুরে রেললাইন স্থাপনের কাজ শুরু
অবশেষে মেহেরপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার জন্য চুয়াডাঙ্গার দর্শনা থেকে মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত রেলসংযোগ স্থাপনের আনুষ্ঠানিক কাজ গত রোববার থেকে শুরু হয়েছে।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল দর্শনা, জীবননগর, মুজিবনগর ও মেহেরপুর এলাকা পরিদর্শন করে।রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান আলী জানান, ১২ এপ্রিল একনেকের বৈঠকে মেহেরপুরে রেললাইন স্থাপনের সরকারি সিদ্ধান্ত অনুমোদন পায়। পরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভায় প্রধানমন্ত্রী মেহেরপুরে রেললাইন স্থাপন করার ঘোষণা দিলে এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গত রোববার থেকে কাজ শুরু হয়েছে।রেলওয়ের মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী জানান, দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত ৭৬ কিলোমিটার রেল সংযোগ স্থাপনে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। এ জন্য প্রায় ৭০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। আগামী এক সপ্তাহের মধ্যে রেল বিভাগ এই রেললাইন স্থাপনের চূড়ান্ত নকশা ও বাজেটসহ প্রকল্প প্রস্তাবনা সরকারের কাছে জমা দেবে। দ্রুত অর্থ ছাড় হলে আগামী দুই বছরের মধ্যে মেহেরপুরে রেললাইন স্থাপনের কাজ শেষ হবে।