মেহেরপুরে র্যাব ও গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাদাপোশাকধারী র্যাব সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় র্যাবের তিন সদস্য ও তাঁদের তথ্যদাতা (সোর্স) আহত হন। এ সময় র্যাবের দুটি অস্ত্র খোয়া যায়। র্যাবের দাবি, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ নিয়ে গ্রামে কয়েক দিন ধরেই উত্তেজনা রয়েছে। গতকাল সন্ধ্যার পর তিনটি মোটরসাইকেল নিয়ে সাদাপোশাকে ছয়জন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওই গ্রামের একটি চায়ের দোকানে যান। এ সময় দোকানের কয়েকজনকে আটকের হুমকি দেন তাঁরা। এ নিয়ে তাঁদের সঙ্গে গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। তাঁরা গ্রামবাসীকে গুলি করার ভয় দেখালে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসী পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেন। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে ভুল বুঝে তাঁদের ওপর হামলা চালান। এ সময় র্যাব সদস্যরা কয়েকটি গুলি ছোড়েন। এ ঘটনায় ছয়জন আহত হন। তবে গ্রামবাসীর কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আহসান হাবিব জানান, হাসপাতালে ছয়জনকে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন র্যাব সদস্য জাকির হোসেন, শরিফুল ইসলাম, লাবলু এবং তাঁদের তথ্যদাতা সুন্নত আলী, মিয়ারুল ও বিপ্লব। সুন্নত আলী দাবি করেন, গাংনী র্যাব ক্যাম্পের ডিএডি জাকির হোসেনের নেতৃত্বে তিন তথ্যদাতা ও তিন র্যাব সদস্য তিনটি মোটরসাইকেলযোগে রাজনগর গ্রামে যান। সেখানে এক ব্যক্তির কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধারে তাঁরা সাদাপোশাকে যান। তখন গ্রামবাসী মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তাঁদের ওপর চড়াও হন।
পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, র্যাবের ওই অভিযান সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত র্যাব সদস্য ও তাঁদের তথ্যদাতাদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি অস্ত্র খোয়া যায়। এর মধ্যে একটি অস্ত্র পাওয়া গেছে। অন্যটি উদ্ধারের চেষ্টা চলছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার তারেক জুবায়েরের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।