মেহেরপুরে লকডাউনের চতুর্থ দিনে পুলিশের কঠোর অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে লকডাউন বাস্তবায়নে আজ কঠোর অবস্থানে ছিল পুলিশ। ছবিটি আজ বেলা ১২টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের ব্র্যাক ব্যাংক মোড় থেকে তোলা।
ছবি: প্রথম আলো

মেহেরপুরে চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে শহরে মানুষের চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। আজ রোববার মেহেরপুর পৌর এলাকা ও গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের কর্মীদের টহল দিতে দেখা যায়। এ সময় অহেতুক কারণে শহরে প্রবেশের চেষ্টা করায় ১১টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

সকাল ১০টায় মেহেরপুর পৌর শহরের সড়কগুলোতে আগের মতোই ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। সকালে নানা অজুহাতে অনেক মানুষ শহরে প্রবেশ করতে থাকে। তবে দুপুর ১২টার দিকে চেকপোস্টগুলোতে পুলিশ কঠোর নজরদারি শুরু করলে কিছুক্ষণের মধ্যেই শহর এলাকা জনশূন্য হয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান একটি টহল দল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মেহেরপুর-কুষ্টিয়া মহসড়কের টিএনটি মোড়ে। সেখানে সাধারণ মানুষকে শহরে ঢুকতে পুলিশ বাধা দেয়। এ সময় যৌক্তিক কারণ দেখিয়ে অনেকে শহরে প্রবেশও করেন। তবে অহেতুক নানা কারণ দেখিয়ে শহরে প্রবেশ করার চেষ্টা করায় ১১টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ।

ওসি শাহ দারা খান বলেন, জনগণকে সরকারি নির্দেশ মানাতে পুলিশ একটু কঠোর হয়েছে। তবে অসুস্থ মানুষকে সহায়তা করা হচ্ছে। সকালে হঠাৎ করেই মানুষ নানা মাধ্যমে শহরে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশের কঠোর ভূমিকায় এখন শহর ফাঁকা হয়ে গেছে।

সকাল ৯টায় গাংনী উপজেলায় কিছু কিছু দোকান খোলা থাকতে দেখা গেছে। রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় উপজেলা শহরের প্রবেশদ্বারের কয়েকটি সড়কে ছাত্রলীগের কর্মীদের টহল দিতে দেখা গেছে। মানুষকে শহরে প্রবেশ করতে বাধা দেওয়ায় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কথা–কাটাকাটির চিত্র দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার করোনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে চারজন ও করোনায় দুজন মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মকলেছুর রহমান বলেন, এই প্রথম এক দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ চারজন মারা গেলেন। অধিকাংশ রোগী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। কিন্তু সচেতনতার অভাবে শেষ সময়ে রোগীদের ভর্তি করাচ্ছেন, যাঁদের অক্সিজেনের মাত্রা ৩০ থেকে ৪০–এ নেমে গেছে। ফলে চিকিৎসকদের করণীয় থাকছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৪০ শয্যার করোনা ইউনিটে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হলুদ জোনে আরও ১৬ জন চিকিৎসাধীন।