মেহেরপুরে শিলাবৃষ্টিতে রবি ফসলের ক্ষতি

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে রবি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি ফসল পেঁয়াজ, মসুর, গম, ভুট্টা ও আলু খেত পানিতে তলিয়ে গেছে। এতে গাছে পচন ধরে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কয়েকজন কৃষক বলেন, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মেহেরপুরে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো প্রবলবেগে বৃষ্টি হয়। গভীর রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলে। এতে মুজিবনগর উপজেলার শিবপুর, মোনাখালী, দারিয়াপুরসহ বিভিন্ন এলাকার মাঠের পেঁয়াজ, মসুর, আলু ও ভুট্টা খেত পানিতে তলিয়ে যায়। এ ছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে মাঠের অন্য ফসলের।
এই কৃষকেরা বলেন, জমি থেকে পানি নামতে বেশ কয়েক দিন সময় লাগবে। এখন কৃষকদের পেঁয়াজ ঘরে তোলার সময় চলছিল। পানি নিষ্কাশন না হলে ফসলও ঘরে তুলতে পারবেন না তাঁরা। এভাবে কয়েক দিন পড়ে থাকলে জমিতে পেঁয়াজে পচন ধরতে পারে। এ ছাড়া মসুর ও ভুট্টার ফল আসা শুরু হয়েছে। শিলাবৃষ্টিতে এসব গাছেও পচন ধরার আশঙ্কা রয়েছে। একই অবস্থা হতে পারে ভুট্টা ও আলুর ক্ষেত্রেও।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল হক মুঠোফোনে আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েকজন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়ে জরিপ করেছেন। তাতে শিবপুর, মোনাখালী এলাকায় সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে। পেঁয়াজে দুর্যোগপূর্ণ ক্ষতি হয়েছে ২০০ হেক্টর, তার মধ্যে বেশি ক্ষতি হয়েছে ১০০ হেক্টরে। মসুরে দুর্যোগপূর্ণ ক্ষতি হয়েছে ২০০ হেক্টর, বেশি ক্ষতি হয়েছে ৫০ হেক্টরে। গমে দুর্যোগপূর্ণ ক্ষতি হয়েছে ২০০ হেক্টর, বেশি ক্ষতি হয়েছে ২৪ হেক্টরে। তবে রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আর আবহাওয়ার পরিবর্তন না হলে গোড়া পচা রোগে আক্রান্ত হতে পারে মাঠের ফসল।
