মেহেরপুরে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের শিশু ইরান হত্যা মামলার একমাত্র আসামি আহম্মেদ শরিফ ওরফে দিপুকে (২৯) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন। তবে আহম্মেদ শরিফ পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ আগস্ট বিকেলে গ্রামের মাঠ থেকে ইরানকে কৌশলে অপহরণ করে নিয়ে যান আহম্মেদ শরিফ। রাতেই গ্রামের একটি পাটখেতে গলা কেটে হত্যা করা হয় ইরানকে। পরের দিন সকালে খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৫ আগস্ট ইরানের চাচা জাহাঙ্গীর আলম গাংনী থানায় হত্যা মামলা করেন। পুলিশ আসামি আহম্মেদ শরিফকে গ্রেপ্তার করে।৭ আগস্ট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এর কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। ২০০৮ সালে ইরানের বাবা সাবেক ইউপি সদস্য ইমদাদুল হক ও দুই চাচাকে নিজ বাড়িতে হত্যা করে সন্ত্রাসীরা।