মেহেরপুরে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামের শিশু ইরান (৭) হত্যা মামলার রায়ে একমাত্র আসামি আহম্মেদ শরিফ ওরফে দিপুকে (২৯) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন। আহম্মেদ শরিফ পলাতক। তিনি ধলা গ্রামের খোকন মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শিশু ইরানের মায়ের সঙ্গে আহম্মেদ শরিফের পরকীয়ার সম্পর্ক ছিল। ২০১১ সালের ৪ আগস্ট বিকেলে গ্রামের স্কুলমাঠ থেকে ইরানকে কৌশলে অপহরণ করে নিয়ে যান আহম্মেদ শরিফ। ওই রাতেই গ্রামের একটি পাটখেতে গলা কেটে হত্যা করা হয় ইরানকে। পরদিন সকালে পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ৫ আগস্ট ইরানের চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। ৩৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান আসামি আহম্মেদ শরিফকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০০৮ সালে ইরানের বাবা সাবেক ইউপি সদস্য ইমদাদুল হক ও দুই চাচাকে নিজ বাড়িতে হত্যা করে সন্ত্রাসীরা।