মেহেরপুরে শিশুদের সামনে রেখে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সামনে রেখে হরতালের সমর্থনে মিছিল। ছবি: তুহিন আরন্য
শিশুদের সামনে রেখে হরতালের সমর্থনে মিছিল। ছবি: তুহিন আরন্য

জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে মেহেরপুরে আজ মঙ্গলবার সকাল থেকেই জেলার তিনটি সড়ক অবরোধ করে রেখেছেন জামায়াতের নেতা-কর্মীরা। আর এই অবরোধ কর্মসূচিতে সামনের দিকে রাখা হয়েছে শিশুদের। তাদের অনেকের হাতেই দেশীয় অস্ত্র দেখা গেছে।
পুলিশ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাহাজ উদ্দিন আহমেদসহ সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাতটা থেকে জামায়াতের শত শত নেতা-কর্মী সদর ও মুজিবনগর উপজেলার রাজনগর, বন্দর, কাথুলীসহ মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে অবস্থান নেন। এরপর তাঁরা সড়কে বড় গাছের গুঁড়ি, কলাগাছ ও ইট ফেলে এবং আগুন ধরিয়ে সড়ক অবরোধ ও মিছিল করেন। মিছিলের সামনের দিকে রাখা হয়েছে ৭-১০ বছর বয়সী শিশুদের। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াতের কর্মীরা। ছবি: তুহিন আরণ্য
হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াতের কর্মীরা। ছবি: তুহিন আরণ্য

পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে জামায়াতের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশের ফসলি জমিতে অবস্থান নেন। এরপর তাঁরা পুলিশকে ঘিরে ফেলার চেষ্টা করলে পুলিশ পিছু হটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে মুজিবনগর বন্দর সড়কে অবস্থান নেওয়া জামায়াতের কর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে কেউ হতাহত হয়নি।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার আবদুল জলিল জানান, পরিস্থিতি মোকাবিলায় অনেক ক্ষেত্রে পুলিশকে নীরব থাকতে হয়েছে। একই সময়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাহাজ উদ্দিন আহমেদসহ সাতজনকে আটক করেছে। আটক অন্যর হলেন শাহরিয়ার হোসেন (৩৫), রোকন উদ্দিন (৪৫), শফিকুল ইসলাম (৪৭), মিজানুর রহমান (৩৪), আবদুল মান্নান (৩৯) ও সিরাজুল ইসলাম (৪৮)। পুলিশ তাঁদের মেহেরপুর ও মুজিবনগর থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে জামায়াতের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। ছবি তুহিন আরন্য
গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। ছবি তুহিন আরন্য
হরতালকারীদের বিক্ষোভ মিছিল। ছবি: তুহিন আরন্য
হরতালকারীদের বিক্ষোভ মিছিল। ছবি: তুহিন আরন্য