মেহেরপুরে শীতজনিত রোগে আক্রান্ত বোরো বীজতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীত ও ঘন কুয়াশায় মেহেরপুরে কোল্ড ইনজুরিতে আক্রান্ত শত শত বিঘা বীজতলা বিবর্ণ হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে বোরো ধান চাষে বীজসংকটের আশঙ্কা দেখা দিয়েছে।মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের কৃষক ছাদেক হোসেন বিশ্বাস (৪২) জানান, তাঁর তিন শতক জমির বোরো বীজতলা ছিল, যা দিয়ে নিজের পাঁচ বিঘা জমিতে চাষের পাশাপশি বীজ বিক্রি করা যেত। কিন্তু কোল্ড ইনজুরিতে বীজতলা আক্রান্ত হওয়ায় বীজ পুড়ে পাতা লালচে হয়ে গেছে। এখন নিজের জমিতে চাষের জন্য বীজ পাওয়া যাচ্ছে না। দাড়িয়াপুর গ্রামের চাষি ওয়াজেদ আলী (৫১) জানান, দ্বিতীয় ধাপে আবার নতুন করে ঘন কুয়াশাপূর্ণ পরিস্থিতিতে আকাশে রোদের দেখা না পাওয়ায় তাঁর দুই শতক জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল হয়নি। একই অবস্থা দেখা গেল মেহেরপুর সদর উপজেলার যাদবপুর, রাজাপুর, উজলপুর ও মনোহারপুর গ্রামের বিস্তীর্ণ মাঠের বীজতলায়।জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা পূরণ করতে জেলার চাষিরা দেড় হাজার হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু কয়েক দিন আগের ও চলমান টানা তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অধিকাংশ বীজতলার বীজ লালচে রং ধারণ করে নষ্ট হয়ে গেছে। ঘন কুয়াশার কারণে ঠিকমতো রোদ না পাওয়ায় অনেকের ধানবীজ ঠিকমতো গজায়নি। কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শমতো চাষিরা প্রতিরোধমূলক নানা ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেছেন। কিন্তু বীজতলা রক্ষা করতে পারেননি।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ইফতেখার হোসেন জানান, দেড হাজার হেক্টর জমির বীজতলার মধ্যে প্রায় ৪০০ হেক্টর জমির বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে গেছে। ফলে চাষিদের অন্য জেলা কিংবা অন্য কোনো উপায়ে ধানবীজ সংগ্রহ করতে হচ্ছে। অনেকে বেশি দাম দিয়েও বীজ পাচ্ছে না। বৈরী প্রকৃতির কারণে বীজতলা নষ্ট হওয়ায় জেলায় এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।