মেহেরপুরে শ্যামলী পরিবহনের বাসে আগুন
টানা তিন দিনের হরতালের প্রথম দিনে আজ রোববার মেহেরপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে শহরের তাহের ক্লিনিক মোড়ে ও দমকল বাহিনীর অফিসের সামনে শিবিরের ১২-১৪ জন যুবক মুখোশ পরে ঝটিকা মিছিল বের করেন। এ সময় সেখানে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি কোচ দাঁড়িয়ে ছিল। মিছিলকারীরা গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই ভাঙচুর ও আগুন। স্লোগান দিতে দিতেই তারা আবার চলে যায়। পরে স্থানীয় লোকজন ও গাড়ির ভেতরে থাকা দুজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, শহরের মধ্যে এমন ঘটনা ঘটবে, তা তাঁরা ধারণা করতে পারেননি। পুলিশ সম্ভাব্য অন্যান্য স্থানে মোতায়েন ছিল। এ সুযোগে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।