মেহেরপুরে শ্রমিক ইউনিয়নের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গতকাল শুক্রবার দুপুর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন। গ্রেপ্তার হওয়া এক শ্রমিকনেতার মুক্তি ও সদর থানার ওসির অপসারণের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়। এতে মেহেরপুরে আন্তজেলা বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন জানান, ফরিদপুরের একটি মামলায় শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীকে (৪২) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল সকালে তাঁরা ওসির সঙ্গে দেখা করে শাহজাহানকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ওসি তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। এর প্রতিবাদে সকালেই ট্রাকশ্রমিকেরা প্রথমে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড় দুই ঘণ্টা অবরোধ করেন। পরে বাস ও ট্রাকশ্রমিকের নেতারা যৌথ সভা করে দুপুর থেকেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। সভায় নেতারা গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতার মুক্তি এবং ওসির অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে ঘোষণা দেন।

পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, শাহজাহানকে গ্রেপ্তারের পর পুলিশ জেনেছে, তিনি ট্রাকশ্রমিকের নেতা। এ নিয়ে পরিবহন ধর্মঘট শ্রমিকদের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়।

সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া শাহজাহান ফরিদপুরের একটি মামলার পলাতক আসামি।

এদিকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম জানান, বাস-ট্রাক শ্রমিকেরা মালিকদের সঙ্গে পরামর্শ না করেই ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘট প্রত্যাহারের জন্য তাঁরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।