মেহেরপুরে শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে চরমপন্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদাহ গ্রামের শ্রমিক আদম আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা। এদিকে উপজেলার কাজীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।গাংনী থানা পুলিশ ও আদম আলীর পরিবার জানায়, শুক্রবার রাত ১০টার দিকে চরমপন্থীরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন পাশের ব্রজপুর গ্রামের বালিয়াঘাট মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁকে গুলি করার পর জবাই করা হয়েছে। আদম এক সময় চরমপন্থী (জনযুদ্ধ-এমএলএ) দলের সক্রিয় সদস্য ছিল। পরে চরমপন্থী দল ছেড়ে গোপনে ইটভাটায় শ্রমিকের কাজ নেওয়ায় চরমপন্থীরা ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে। এদিকে কাজীপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাবার নাম শের আলী। বাড়ি গাংনীর কাজীপুর গ্রামে। কাজীপুর বিডিআর ক্যাম্পের হাবিলদার আলফাজ উদ্দিন জানান, গত শুক্রবার রাতে গরুব্যবসায়ী শহীদুল ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে। এতে তাঁর মৃত্যু হয়। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, গতকাল শনিবার বিকেলে বিডিআরের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।