মেহেরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে গত বৃহস্পতিবার ভোররাতে সন্ত্রাসীদের গুলিতে লোকমান আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি মহাজনপুরের চারুলিয়া গ্রামে।এলাকাবাসী ও নিহত লোকমানের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে সাত-আটজন মুখোশধারী সন্ত্রাসী লোকমানকে অস্ত্রের মুখে ঘুম থেকে তুলে বাড়ির বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তারা গুলির শব্দ শুনে পাশের মাঠের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় লোকমানের লাশ দেখতে পায়। স্থানীয় সূত্রগুলো বলছে, তিনি আগে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, লোকমান একসময় চরমপন্থী একটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি সংগঠন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ কারণে চরমপন্থীরা তাঁকে খুন করতে পারে। লোকমানের গলা ও বুকে দুটি গুলি করা হয়েছে।