মেহেরপুরে সমাবেশে সাংসদের সমালোচনায় আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে দলের স্থানীয় এক নেতার অনশন ভঙ্গ উপলক্ষে প্রতিবাদ সমাবেশে সাংসদদের কড়া সমালোচনা করেছেন দলীয় নেতারা।বিল দখল করে তাঁর ৩০ লাখ টাকার মাছ লুটের ঘটনায় সাংসদকে অভিযুক্ত করে মেহেরপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় ১ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। গত রোববার রাত ১১টার দিকে সমাবেশের মধ্য দিয়ে নেতারা তাঁর অনশন ভঙ্গ করান। সন্ধ্যায় শুরু হওয়া এই সমাবেশে দলের অধিকাংশ নেতা ও কয়েক শ কর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম বলেন, ‘দল করব আমরা আর ক্ষমতার সব সুযোগসুবিধা নেবে এমপির স্বজনেরা—তা হবে না।’ইয়ারুল ইসলাম বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে নেতারা সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম বলেন, ‘একইভাবে একই শক্তির ইন্ধনে আমাকেও দুটি বিলের মালিকানা থেকে সরিয়ে দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী বলেন, সরকারি এই বিল দখলের পেছনে জেলা প্রশাসকের রহস্যজনক ভূমিকা দায়ী।পিরোজপুর ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, বৈধভাবে একজন নেতার ইজারা নেওয়া বিল এভাবে দখল করাটা খুবই অন্যায়। সাংসদের প্রতি অনাস্থা ও তাঁর স্বজনদের নানা দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, জেলা ছাত্রলীগের সভাপতি রূপক, সাধারণ সম্পাদক বাকেকুল ইসলাম, সৈনিক লীগের আহ্বায়ক কাবেদুল হকসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।এ ব্যাপারে বক্তব্য জানতে মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাসপাতালে যুবলীগ নেতা রিপন (সাংসদের ভাগনে) মৃত্যুর সঙ্গে লড়ছে। যখন আমি তাকে নিয়ে ঢাকায় ব্যস্ত তখন দলের কিছু নেতা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সমাবেশ করেছে। এটা খুবই দুঃখজনক। এ মুহূর্তে নেতাদের উদ্ভট অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর মতো মানসিক অবস্থা আমার নেই।’