মেহেরপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে মহসিন আলী নামের এক সাংবাদিককে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মহসিন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মেহেরপুরে কর্মরত সাংবাদিকেরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।সূত্রমতে, শহরের একটি দোকানে অভিযান চালিয়ে গত রোববার ১০০ বোতল ফেনসিডিলসহ শিপু নামে একজনকে আটক করে র‌্যাব। গতকাল সোমবার মাথাভাঙ্গা পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হলে যুবলীগের কর্মীরা এ ঘটনা ঘটান।মহসিনের স্ত্রী মুনিরা পারভীন প্রথম আলোকে বলেন, কর্মীরা প্রথমে মুঠোফোনে তাঁর স্বামী মহসিনকে হত্যার হুমকি দেন। মহসিন তাঁদের কাছে অনুরোধ করেন, প্রকাশিত সংবাদটি তাঁর লেখা বা সরবরাহ করা নয়। এর পরও মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীনের ভাগনে শহর যুবলীগের সদস্য মাহাফুজুর রহমান, লিখনসহ ২০-২৫ জন মহসিনকে কলেজ থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।এদিকে শহরে কর্মরত সাংবাদিকেরা গতকালই এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ছাড়া তাঁরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান, আগামীকাল মৌন মিছিল এবং আগামী বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে।মহসিনকে হাসপাতালে দেখতে গিয়ে সাংসদ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন হয়েছে। আমি তো কোনো সাংবাদিককে মারতে নির্দেশ দেইনি।’ দলের একাংশ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিককে আহত করার এই ঘটনা ঘটিয়েছে।