মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে গতকাল মঙ্গলবার জেলার কর্মরত সব সাংবাদিক স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। সংবাদ প্রকাশের জের ধরে গত সোমবার সাংবাদিক মহসিন আলীকে কুপিয়ে জখম করে যুবলীগের কর্মীরা। এর প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।মানববন্ধন শেষে সাংবাদিকেরা মৌন মিছিল করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এই স্মারকলিপিতে অবিলম্বে সাংবাদিকের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারসহ তাঁদের পেশাগত নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়েছে। তবে এখনো সাংবাদিক জখম হওয়ার মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এদিকে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে সাংবাদিকেরা আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন।প্রেসক্লাবের সভাপতি আলামীন হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।এলাকাবাসীর অভিযোগ, সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ওই গ্রুপটি স্থানীয় সাংসদ জয়নাল আবেদীনের মদদপুষ্ট ও যুবলীগের কর্মী।সাংসদ জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁর কিংবা দলের কেউ নন। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান বলেন, স্থানীয় সাংসদের আত্মীয়স্বজনরা সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত।পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সদর থানার ওসি নির্দেশ দেওয়া হয়েছে। সদর থানার ওসি জহুরুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।