মেহেরপুরে সাংসদ ফরহাদের বিরোধীরা এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে সাংসদ ফরহাদ হোসেনের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিক্ষোভ। গতকাল শহরের বাসস্ট্যান্ড মোড়ে। প্রথম আলো
মেহেরপুরে সাংসদ ফরহাদ হোসেনের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিক্ষোভ। গতকাল শহরের বাসস্ট্যান্ড মোড়ে। প্রথম আলো

সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর ১ আসনে সাংসদ ফরহাদ হোসেন দোদুলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দলের প্রবীণ নেতারা ‘সাংসদবিরোধী ঐক্য’ গড়ে তুলেছেন। মনোনয়নবঞ্চিত সব নেতা প্রত্যক্ষভাবে সাংসদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

দলের একাধিক নেতার ভাষ্য, জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণকে হারাতে একজন শক্ত প্রার্থী প্রয়োজন। গত সোমবার বেলা তিনটার দিকে ফরহাদ হোসেন মনোনয়ন পাওয়ার পর স্বল্পসংখ্যক কর্মী নিয়ে একটি মিছিল বের হয় পৌর শহরে। ওই মিছিল দেখে জেলা আওয়ামী লীগের ছিটকে পড়া নেতা–কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিল চেয়ে সড়কে টায়ারে আগুন দেন।

একই দিন সন্ধ্যায় ফরহাদ হোসেনকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন দলের একাংশের নেতা–কর্মীরা। জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে জেলা জজ আদালত মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় আমদহ, আশরাফপুর, রায়পুর, বামনপাড়া, বন্দর, চকশ্যামনগর, বারাদীসহ বিভিন্ন গ্রাম থেকে নেতা–কর্মীরা মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে কোর্ট মোড়ে ফরহাদ হোসেনকে জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে স্লোগান দেন নেতা–কর্মীরা।

নেতা–কর্মীরা বলেন, প্রার্থী পরিবর্তন না করলে হার নিশ্চিত। মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরে উত্তেজনাকর পরিস্থিতিতে মেহেরপুর থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড মোড়ের ফিন টাওয়ারের সামনে থেকে মেহেরপুর ও মুজিবনগরবাসীর ব্যানারে ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিল চেয়ে একটি মিছিল বের হয়। এ সময় পৌর কমিশনার ও যুবলীগের নেতা আল মামুন বলেন, নৌকাকে জেতাতে মনোনয়ন প্রত্যাহার ছাড়া বিকল্প নেই।

এর আগে মুজিনগর উপজেলার তিনটি ইউনিয়ন মোনখালী, বাগোয়ান, মহাজনপুরের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সাংসদ ফরহাদ হোসেনের সব রাজনৈতিক কর্মসূচি বর্জনের ঘোষণা দেন।

এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান সাংসদ ফরহাদ হোসেন, সাবেক সাংসদ জয়নাল আবেদিন, আরেক সাবেক সাংসদ আবদুল মান্নান, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম ইমন, ছাত্রলীগের সাবেক নেতা আবদুস সালাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়াজান আলী।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাকির হোসেন বলেন, ফরহাদ হোসেন সাংসদ হওয়ার পর জেলা আওয়ামী লীগের সভাপতির পদটি পান। কিন্তু ওই পদের মূল্যায়ন তিনি করতে পারেননি। দীর্ঘ পাঁচ বছরেও দলের একটি সমাবেশ করে দেখাতে পারেননি।

সাবেক সাংসদ জয়নাল আবেদিন বলেন, যেকোনো মূল্যে এই আসনটি ধরে রাখতে হবে। এই নির্বাচন গতবারের মতো নয়। তৃণমূলের নেতাদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ তৈরি করতে হবে। তিনি আশা করেন, কেন্দ্রীয় নেতারা অবশ্যই সুবিচার করে যোগ্য প্রার্থী মনোনীত করবেন।

দলের নেতা–কর্মীদের অবস্থান সম্পর্কে সাংসদ ফরহাদ হোসেনের বক্তব্য জানতে গতকাল সন্ধ্যায় তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।