মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ওই দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মজিবর রহমান (৪৫) ও তাঁর সহযোগী সুষমা (৪০)। মামলার বিবরণ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী বিলকিস খাতুনকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে শ্বাসরোধে ও খুঁচিয়ে হত্যা করেন স্বামী মজিবর রহমান ও তাঁর সহযোগী সুষমা। খবর পেয়ে পরের দিন মুজিবনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় বিলকিস খাতুনের ভাই আরশাদ আলী বাদী হয়ে মজিবর রহমান ও সুষমাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় সাত জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ছিলেন পল্লব ভট্টাচার্য আর আসামি পক্ষে কৌঁসুলি ছিলেন খন্দকার আব্দুল মতিন।