মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলার ঝিনেরপুর গ্রামে স্ত্রী হত্যার দায়ে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ মে দুপুরে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে শিশুকন্যার সামনে স্ত্রী সেলিনা খাতুনকে কুপিয়ে হত্যা করেন মাসুদ। যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। একই দিন নিহত নারীর মা সাহারবাটি গ্রামের কোহিনুর খাতুন বাদী হয়ে গাংনী থানায় মাসুদকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একটি হত্যা মামলা করেন। এর দুই দিন পর হিন্দা গ্রাম থেকে পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।
২০১৫ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী শহিদুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।