মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে গৃহবধূ সাগরিকা খাতুনকে হত্যার দায়ে তাঁর স্বামী রফিকুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০৬ সালের ২১ জুন সকালে রফিকুল ইসলাম ধূমপান করছিলেন। এ সময় তাঁর স্ত্রী সাগরিকা তাঁকে ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রফিকুল ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর গলায় কোপ মারেন। ঘটনাস্থলেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। ওই দিনই সাগরিকার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষী সাক্ষ্য দেন।