মেহেরপুরে স্ত্রীকে নিয়ে এক আ.লীগ নেতার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ এনে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্ত্রীকে নিয়ে আমরণ অনশন শুরু করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। তিনি ওই সাংসদের বিরুদ্ধে তাঁর ইজারা নেওয়া বিল থেকে মাছ লুটের অভিযোগ এনেছেন। গতকাল শনিবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনের প্রধান সড়কের পাশে একটি মাদুর বিছিয়ে স্ত্রীকে নিয়ে তিনি এই অনশন শুরু করেন। সাংবাদিকদের দেওয়া লিখিত অভিযোগে আবদুল মান্নান জানান, ২০০৮ সালে তিনি সরকারের কাছ থেকে সদর উপজেলার বাগোয়ান গ্রামের রুয়াকুলি বিলটি তিন বছরের জন্য ইজারা নেন। সেই থেকে তিনি বিলে মাছ চাষ করে আসছেন। ২০১২ সালে তাঁর ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা। সম্প্রতি ওই সাংসদের নির্দেশে তাঁর আত্মীয়স্বজন এবং আমদাহ গ্রামের রফা ও ভাসান নামের দুই ব্যক্তি ওই বিলের অংশীদারি দাবি করেন। এ নিয়ে উত্তেজনা শুরু হলে বিষয়টি তিনি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করে। সর্বশেষ গতকাল শনিবার সকালে ওই ব্যক্তিরা তাঁর ইজারাকৃত বিলের সব মাছ লুট করেন। এতে তাঁর ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ব্যাপারে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল দাবি করেন, সাংসদের নির্দেশে বিরোধী দলের কিছু সন্ত্রাসী ওই মাছ লুট করেছে। এ ঘটনার বিচার না হলে তাঁরা দলীয়ভাবে কঠোর অবস্থান নেবেন। এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত সাংসদ জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাছ লুটের বিষয় তাঁর জানা নেই। এর সঙ্গে তিনি জড়িত নন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে গতকাল আবদুল মান্নান বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।