মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের দাবি জানিয়েছে ‘স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম’। গতকাল বৃহস্পতিবার তারা শহরে এ দাবিসংবলিত লিফলেট বিতরণ করে।
বেলা ১১টায় ফোরামের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। পরে তাঁরা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন। এ সময় রাস্তার পাশের দোকানগুলোতেও লিফলেট বিলি করা হয়।
ফোরামের মুখপাত্র এম এ এস ইমন বলেন, মেহেরপুরের আর্থসামাজিক উন্নয়নের জন্য স্থলবন্দর করা অত্যাবশ্যক। এই জেলার বেকার যুবকেরা কর্মসংস্থানের অভাবে ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছেন। স্থলবন্দর হলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে। ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন হবে। পরিবহন ব্যবসার প্রসার ঘটবে। শ্রমিকদের কর্মক্ষেত্র সৃষ্টি হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সাফুয়ান উদ্দিন আহমেদ, রাহিনুর জামান, মোস্তাফিজুর রহমান, আতিক স্বপন, এনামুল হক, শাহরিয়ার রবি, আতিয়ার রহমান, শেখ সোহরাদ্দি জুয়েল, সাইফুল আজম প্রমুখ।
মেহেরপুরে স্থলবন্দরের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম। ফোরামের মুখপাত্র ইমন বলেন, মেহেরপুরে স্থলবন্দর করার উপযোগী বেশ কয়েকটি স্থান রয়েছে। জেলার সীমান্তবর্তী যেকোনো এলাকায় স্থলবন্দর হতে পারে। সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ও ভারতের সরকার। তাঁরা চান অবিলম্বে জেলার প্রাণের এ দাবি পূরণ হোক। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের আন্দোলনের ডাক দেবে জেলাবাসী।