মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটালিয়ন আনসার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত পাখি ভ্যানের সংঘর্ষে এক ব্যাটালিয়ন আনসার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক ব্যাটালিয়ন আনসার।
গতকাল সোমবার রাত আটটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের আমঝুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান (৩০) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা ডিঙ্গিদহ ২৬ ব্যাটালিয়ন কর্মরত। মেহেরপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এ ছাড়া গুরুতর আহত নাসির উদ্দীনের বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে। তিনিও একই ব্যাটালিয়নে কর্মরত। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হচ্ছে।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান রাতে প্রথম আলোকে বলেন, ডিঙ্গিদহে কাজ শেষে দুই আনসার মোটরসাইকেল যোগে মেহেরপুরে ফিরছিলেন। আমঝুপি পৌঁছালে সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনচালিত পাখি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
লাশের পাশে থাকা ১৪ ব্যাটালিয়ন আনসার আনিসুর রহমান রাত সোয়া নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুজনের মাথায় আঘাত লাগায় মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাদের দুজনকে নিয়ে তিনি অ্যাম্বুলেন্স যোগে রাজশাহীতে যাচ্ছিলেন। রাত পৌনে নয়টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে আনিসুর রহমান মারা যান। তার লাশ সেখানে রেখে আহত নাসিরকে নিয়ে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেন।